কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অলির বাজারে মাহফিলের অনুমতি না মেলায় নির্ধারিত স্থানে বক্তব্য দিতে পারেননি মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। শুক্রবার বিকেল ৪টার দিকে সেখানে পৌঁছে সড়কের পাশে দুই থেকে চার মিনিট বক্তব্য দিয়ে চলে যান তিনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুরে অলির বাজারে তাহেরীর মাহফিল হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না থাকায় তা হয়নি।

পুলিশ জানায়, মাহফিল বন্ধ রাখার অনুরোধ জানাতে সদর দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তাহেরীর আসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তাঁরা তাঁকে এলাকায় আসতে না দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করেন।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাহেরী বিতর্কিত বক্তা—এ কারণে স্থানীয়দের সঙ্গে তাঁরাও প্রতিবাদ জানিয়েছেন।

তাহেরীর অনুসারী আমির হোসেনের ভাষ্য, হেফাজতে ইসলামের লোকজন তাঁকে মাহফিল করতে দেননি। এ কারণে সড়কের পাশে কয়েক মিনিট কথা বলে চলে যান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, অনুমতি না থাকায় শুক্রবার সকাল থেকে অলির বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর