ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক রাশিদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ।
শুক্রবার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানা-পুলিশ জানায়, থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই রাতেই তাঁকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার চালাতেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো







