কেপিআইভুক্ত মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। কিছু এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করে নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হচ্ছে।
কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করে নথিতে রাখছে। মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। মতিঝিলে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে; এর মধ্যে মেট্রোস্টেশনের পাশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয়ও রয়েছে।
নীতিমালা অনুযায়ী, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে ‘১(ক)’ শ্রেণির কেপিআই ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের উঁচু ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ ঠেকানোর ব্যবস্থা এবং সীমানাপ্রাচীরের ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে।
অঙ্গীকারনামায় ভবনের ভেতর, বারান্দা বা ছাদে নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড ঠেকানো, মেট্রোরেলের দিকে সরাসরি নজরদারি প্রতিরোধে প্রয়োজনীয় স্থানে পর্দা বা স্ক্রিন ব্যবহার এবং সিসিটিভির মাধ্যমে ভবন নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাকর্মীদের টহল নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে।
ভবনের বাসিন্দা, ভাড়াটে বা নতুন ভাড়াটের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষকে জানাতে হবে। ভবন ভাড়া বা হস্তান্তরের ক্ষেত্রেও নতুন ব্যবহারকারীকে শর্তগুলো জানিয়ে তা মানা নিশ্চিত করার দায়িত্ব মালিকের। শর্ত ভাঙলে বা ভবনে নাশকতা ঘটলে মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে অঙ্গীকারনামায় উল্লেখ আছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তার অংশ হিসেবে ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মেট্রোরেলের কাছাকাছি ভবন ও প্রতিষ্ঠান থেকেই অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। মানুষকে সচেতন করা এবং নাশকতার চেষ্টা বা সন্দেহভাজন কাউকে দেখলে সতর্ক হওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, ১৮ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের এক অফিস আদেশে অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানের সরকারি সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। অগ্নিসংযোগসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো এবং কেপিআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা পালনে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও আদেশে বলা হয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন







