গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুরে যোগ দেওয়ার আগে মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর, বাগেরহাটের মোড়েলগঞ্জ এবং রাজবাড়ী সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাহমুদুর রহমান বলেন, ‘থানায় অগ্নিসংযোগের পর থেকে থানার সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে থানার পুলিশ সদস্যরা থানার পাশের ভবনে অবস্থান করছেন।’
এর আগে মুকসুদপুর থানার ওসি ছিলেন আবদুল্লাহ আল মামুন। থানায় অগ্নিসংযোগের ঘটনার পর তাঁকে বদলি করা হয়। ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম সচল করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে নতুন ওসির সামনে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
সূত্র: আমার দেশ







