পাবনার সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলামকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একই কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন আমিরুল।
অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের সিএনজি স্ট্যান্ড থেকে আমিরুলকে টেনেহিঁচড়ে দৌলতপুর সেতুর পাশের একটি চায়ের দোকানে নিয়ে মারধর করা হয়।
কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বৃহস্পতিবার দুজনের মধ্যে বিরোধ হয়েছিল বলে জানা গেছে। পরদিন সিএনজি স্ট্যান্ডে আমিরুল পৌঁছালে মোস্তাফিজুর রহমান তাঁর কলার ধরে তাঁকে চায়ের দোকানে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন আমিরুলকে উদ্ধার করে বাড়িতে পাঠান। পরে তিনি সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, মোস্তাফিজুর রহমান প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় শিক্ষকদের অপমান ও অপদস্থ করেন।
মারধরের কথা স্বীকার করে মোস্তাফিজুর রহমান বলেন, ওই প্রভাষকই তাঁকে অপমান ও অপদস্থ করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা





