রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সম্প্রতি করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের ভাষ্য, দুটি মোটরসাইকেলে চার যুবক উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। তাঁদের মধ্যে দুজন পালিয়ে যান; অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনের চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকেই তাঁদের আটক করা হয়।
শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি উপজেলার কাঁকনহাট এলাকায়, তবে তিনি সারেংপুরে তাঁর নানার বাড়িতে থাকেন। তাঁদের পরিবারের সদস্যদের দাবি, দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। আন্দোলনের সময় তাঁদের অংশগ্রহণের একটি ছবিও পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, ছবিটি ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে তোলা হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে ছিলেন বলে গোদাগাড়ীর আরেক জুলাই যোদ্ধা তাঁকে জানিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই বলে জানান তিনি।
গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আনাস বিন কাশেমের দাবি, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনের সহযোদ্ধা ছিলেন। তাঁর অভিযোগ, ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের ঘটনায় তাঁদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছে। তিনি তাঁদের মুক্তি দাবি করেন।
শাহামাতের বাবা সাদিকুল ইসলাম বলেন, তাঁর ছেলে ও সাইফ আন্দোলনের সামনের সারিতে ছিলেন। তাঁর অভিযোগ, থানার সামনে স্লোগানের ঘটনার পর কাউকে গ্রেপ্তার করার জন্য তাঁর ছেলেসহ দুজনকে আটক করা হয়েছে। সাদিকুল ইসলামের ভাষ্য, তাঁর ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন, রাজনীতি করতেন না এবং তাঁদের পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা বলেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে ছিলেন কি না, তা তাঁর জানা নেই। চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন, তাঁদের দুজন পালিয়ে যান এবং দুজনকে আটক করা হয়। পুলিশের কোনো ভুল হয়নি বলেও দাবি করেন তিনি।
সূত্র: আমার দেশ





