যশোরের বাঘারপাড়া উপজেলার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার দ্বিতীয় বর্ষের ২৭ শিক্ষার্থী এবং এ বছর আলিম পরীক্ষা দেওয়া আটজনের সবাই বিয়ে করেছেন। অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের ভাষ্য, জন্মনিবন্ধনের তথ্য গোপন রেখে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে তাঁদের বিয়ে দেওয়া হয়েছে।
এ বছর মাদরাসাটি থেকে আলিম পরীক্ষা দেওয়া আটজনের কেউ পাস করেননি। সবাই আইসিটি বিষয়ে অকৃতকার্য হন; তাঁদের মধ্যে তিনজন ইংরেজি, কুরআন ও হাদিস বিষয়েও ফেল করেছেন। ফল খারাপ হওয়ার কারণ জানতে গিয়ে শিক্ষার্থীদের বিয়ে এবং ক্লাসে অনুপস্থিতির তথ্য সামনে আসে।
অধ্যক্ষ বলেন, বিয়েতে বাধা দিলে অভিভাবকেরা তাঁদের মেয়েদের এই মাদরাসায় পাঠাবেন না। তাঁর দাবি, পড়াশোনায় আগ্রহের অভাব এবং বিয়ের পর সংসারে ব্যস্ত হয়ে পড়ায় ছাত্রীরা নিয়মিত ক্লাসে আসে না। ফেল করা পরীক্ষার্থীদের ঠিকানা জানতে চাইলে তিনি বলেন, তারা সবাই শ্বশুরবাড়িতে।
উপাধ্যক্ষ নজরুল ইসলাম জানান, ২০২৩ সালে মাদরাসার আইসিটি শিক্ষক চলে যাওয়ার পর গত ১ জুন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন শিক্ষক না থাকায় আট পরীক্ষার্থীই এ বিষয়ে ফেল করেছে বলে তাঁর বক্তব্য। মাদরাসায় সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃষিশিক্ষা ও কুরআন বিষয়েও শিক্ষক নেই।
স্থানীয় সূত্রের দাবি, আলিম পর্যায়ে পড়ার জন্য মেয়েরা ভর্তি হয় না; শিক্ষার্থী কম দেখালে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হতে পারে—এ আশঙ্কায় পরিচিতজনের মেয়েদের কাগজপত্র নিয়ে শিক্ষকেরা নিজেদের খরচে ভর্তি করেন। ফলে ছাত্রীরা মাদরাসায় নিয়মিত যায় না।
মাদরাসাটিতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমমান পর্যন্ত খাতাকলমে ২৫৪ শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এ বছর সারা দেশে ৫৫টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি।
বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, ফল খারাপ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে আগে বৈঠক হয়েছে। মাদরাসাপ্রধানকে ফল বিপর্যয়ের কারণ বৃহস্পতিবারের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, আলিম শ্রেণির শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম হওয়ার কথা। তাঁদের বিয়ে কীভাবে হচ্ছে, তা খোঁজ নিয়ে দেখবেন।
সূত্র: আমার দেশ






