পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক ভবনের করিডোর থেকে প্রায় ৪ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা মূল্যের আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিব মিয়া দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ের সাবস্টেশন থেকে পুরোনো ক্যাবলটি প্রকৌশল বিভাগের ভাণ্ডারে রাখার জন্য আনা হয়। ভাণ্ডারে জায়গা না থাকায় সেটি বিভাগের করিডোরে রাখা হয়।

গত ১৯ নভেম্বর সকাল ৯টার দিকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ কিবরিয়া করিডোরে 1C-4 x 120sqmm Cable NYY-এর ৫০ মিটার ক্যাবল দেখতে পান। ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সেখানে গিয়ে সেটি আর পাওয়া যায়নি।

নিরাপত্তা শাখাকে জানানোর পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। অভিযোগ অনুযায়ী, ফুটেজে ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে দুই ব্যক্তি ও তাঁদের সহযোগীদের ক্যাবলটি নিয়ে যেতে দেখা গেছে। ওই স্থান থেকে এর আগেও দুই দফায় মালামাল চুরির কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, এসব চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভেতরের লোকজন জড়িত থাকতে পারেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সূত্র: জনকণ্ঠ