রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় শনিবার গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। অগ্নিসংযোগে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কারা পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে।

শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস জানান, তিনিও পরিষদে আগুন দেওয়ার খবর শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় তিনি সেখানে যেতে পারেননি। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জেনেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সূত্র: আজকের পত্রিকা