রোববার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে নগরীর নথুল্লাবাদে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের ব্যাংকটিতে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

রাত আটটার দিকে পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের দাবি, বিস্ফোরণের সঙ্গে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, দিনের তুলনায় রাতে নগরীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, শনিবার রাতে কালীবাড়ী রোডে কয়েকজন জড়ো হয়ে নাশকতার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছয়টি মোটরসাইকেলসহ চারজনকে আটক করে; বাকিরা পালিয়ে যায়।

কমিশনার বলেন, নগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতা ঠেকাতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: আমার দেশ