গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
তাঁদের দাবি, পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাংকের শাখায় হামলা চালিয়ে ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাব বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে ওই শাখার কার্যক্রম চলছিল। এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর






