রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার ১১ দিন পেরোলেও অভিযুক্ত মো. ইমামুল হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি খিলক্ষেত থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি। অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা-বাবা বাসার বাইরে ছিলেন। এ সময় চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাপ্পী শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। রাতে ফিরে শিশুটিকে অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় পান তার মা-বাবা।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাবা খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।

মামলার বাদী বলেন, শিশুটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং নিজের কষ্ট ঠিকমতো প্রকাশ করতে পারে না। ১১ দিনেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশের আন্তরিকতার ঘাটতি নেই এবং বিভিন্ন আইনি উদ্যোগ চলছে। খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অভিযুক্তের বিরুদ্ধে ফুটপাত দখল করে দোকান বসানো ও চাঁদাবাজির অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। রাতে মদ্যপ অবস্থায় এলাকায় বেপরোয়া আচরণের অভিযোগও রয়েছে বলে তাঁরা জানান।

সূত্র: আজকের পত্রিকা