দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলায় ৫৬ প্লাটুন বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শনিবার সকাল থেকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নজরদারি বাড়ানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ঘোনাপাড়া এবং বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাহিনীর সদস্যদের দেখা গেছে।
বিজিবি সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সদস্যদের মোতায়েন করা হয়েছে। ড্রোন এবং দায়িত্বরত সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তা জোরদারের মধ্যেও শনিবার বিকেলে ঘোনাপাড়ায় গণজমায়েত ও বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় জেলার সব উপজেলা সদরে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে বলে দলটির একটি সূত্র জানিয়েছে। শুক্রবার সন্ধ্যার পরও জেলা সদরসহ উপজেলা সদরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল হয়।
তবে শনিবার সকাল থেকে জেলায় পরিবেশ শান্ত ও স্বাভাবিক ছিল। সড়কে যানবাহন চলেছে, খোলা ছিল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যাংকের এটিএম বুথেও গ্রাহকদের স্বাভাবিক লেনদেন করতে দেখা গেছে।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, রোববার থেকে দুই দিনের লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন তারা। কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।
সূত্র: আমার দেশ







