লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে। শুক্রবার ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে তাঁরা তিন দিনের আলটিমেটাম দেন বলে জানা গেছে।
অভিযোগ ওঠা দুজন হলেন করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভে রানাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি না করতে ওসিকে সতর্ক করতে দেখা যায়। তিনি বলেন, তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের জয়ধ্বনি হবে এবং নেতা-কর্মীদের আটক বা গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা করা হবে। লাইভে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশেও হুমকি দেওয়া হয়।
একই দিন অজ্ঞাত স্থান থেকে থানার সরকারি নম্বরে ফোন করেন মাহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপের রেকর্ডে তাঁকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার বা হয়রানি করা হলে থানায় আগুন দেওয়া হবে। পুলিশকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তাদের পরিণতি খারাপ হবে।
ফেসবুক লাইভটি কখন ও কোথা থেকে প্রচার করা হয়েছিল, কিংবা ফোনালাপের রেকর্ড কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার দুপুরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, লাইভ ও ফোনালাপের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক কিছু নেতা-কর্মী এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের কেউ কেউ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার তৎপরতা চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
সূত্র: আজকের পত্রিকা







