রেলপথে নাশকতা ঠেকাতে ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাসের জন্য ২ হাজার অঙ্গীভূত আনসার এবং ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় নিরাপত্তা জোরদারের এ পরিকল্পনা তুলে ধরা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২ হাজার অঙ্গীভূত আনসার মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী তাঁদের নিয়োগ করা হয়েছে। ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য শনিবার থেকে রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে কাজ করছেন। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুসারে স্টেশন এবং আশপাশের নির্ধারিত এলাকায় তাঁরা দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের সভার তথ্য অনুযায়ী, ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রেলের পূর্বাঞ্চলে ২১টি এবং পশ্চিমাঞ্চলে ১৭টি নাশকতার ঘটনা ঘটেছে। এই সময়ে মোট ৩৮টি ঘটনা ঘটেছে বলে সভায় জানানো হয়।
নিরাপত্তা পরিকল্পনায় স্টেশনে যাত্রীদের ব্যাগ ও লাগেজ এক্স-রে স্ক্যানার বা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, গুরুত্বপূর্ণ স্টেশনে সিসি ক্যামেরা বসানো এবং অচল ক্যামেরা সচল করার প্রস্তাব রয়েছে। অরক্ষিত সীমানাপ্রাচীর ও অননুমোদিত প্রবেশপথ বন্ধ করার কথাও বলা হয়েছে।
রেললাইনের নাট-বল্টু ও ফিশপ্লেট খুলে নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ট্রেন ও স্টেশনে ২৪ ঘণ্টা যৌথ টহলের প্রস্তাব রয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপির সমন্বয় বাড়ানো এবং নাশকতার খবর পেলে দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার পরিকল্পনাও করা হয়েছে।
ট্রেন, স্টেশন ও রেলওয়ের স্থাপনায় অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকারিতা ও মেয়াদ পরীক্ষা এবং আগুন নেভানো ও উদ্ধারকাজের নিয়মিত অনুশীলনের প্রস্তাব দেওয়া হয়েছে। স্থাপনাগুলোর আশপাশের ঝোপঝাড় পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থার কথাও রয়েছে পরিকল্পনায়।
নাশকতার ঘটনা বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে সচিব বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি এর একটি কারণ হতে পারে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটেছে। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি ছিল না। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করছি।’
অতিরিক্ত জনবল দিয়ে সাময়িকভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক। তাঁর মতে, বিদ্যমান ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও কার্যকর স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সূত্র: আজকের পত্রিকা





