চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ছয়টি সড়ক নির্মাণের কাজ এগোচ্ছে। সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (২৬ ইসিবি) তত্ত্বাবধানে প্রকল্পটির প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের পরিচালক ও ২৬ ইসিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আল মাসুদ জানান, চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে কাজ শুরু হয়। ছয়টি সড়কের মোট দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। এসব সড়ক জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকা যুক্ত করার পাশাপাশি আশপাশের গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে।
সড়কের সঙ্গে চারটি সেতু ও ২৫টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। পরিকল্পনায় রয়েছে ২ দশমিক ১ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল, ১৪ দশমিক ১ কিলোমিটার খোলা নালা এবং পানি চলাচলের জন্য ৪৬৮টি ক্রস ড্রেন।
শনিবার নির্মাণাধীন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও পুরোনো সরু পথ প্রশস্ত করা হচ্ছে, কোথাও পাহাড় কেটে নতুন সড়ক তৈরি হচ্ছে। প্রকল্পের নকশা অনুযায়ী, সড়কগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং বায়েজিদ লিংক রোডের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করবে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, আগে সন্ধ্যার পর চলাচল ও দোকান খোলা রাখা নিয়ে ভয় ছিল। দোকানদার আবুল কালাম বলেন, আগে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ করে ঘরে ফিরতে হতো। এখন সড়ক নির্মাণ এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের উপস্থিতি বাড়ায় তাঁরা আগের চেয়ে নিরাপদ বোধ করছেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এলাকায় ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান চলছে। পাহাড় রক্ষা ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সেনাবাহিনীর উদ্যোগে সড়ক নির্মাণ শুরু হয়েছে।
জঙ্গল সলিমপুরে সরকারি খাসজমি ও বনভূমিতে অবৈধ বসতি এবং সশস্ত্র অপরাধী চক্রের আধিপত্যের অভিযোগ দীর্ঘদিনের। চলতি বছরের ১৯ জানুয়ারি সেখানে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন।
সূত্র: আমার দেশ






