ফেনী শহরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গ্যারেজে রাখা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

ট্রাকটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পার্ক করা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। উদ্ধার করা পেট্রলবোমাটি তাঁরা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, আগুনে ট্রাকটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক নুরুল আফছার বলেন, ট্রাকে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকের মালিক এখনো লিখিত অভিযোগ বা মামলা করেননি।

ফরিদ আরও বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুজনকে দেখা গেছে; তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি এখনো ঘটনাস্থলে রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা