ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামের স্থান থেকে তাঁকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে আটক করে।
ওসি বলেন, গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আগামী রোববার আদালতের মাধ্যমে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: চ্যানেল আই অনলাইন





