গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতিতে যাত্রী ও পরিবহনের নিরাপত্তার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে; গোপালগঞ্জ হয়ে কোনো বাস যাবে না।

জাহিদ খানের ভাষ্য, শনিবার বিকেলে গোপালগঞ্জের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে সামগ্রিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা-ঢাকা রুটে চলাচলকারী দোলা পরিবহনের রাজধানীর শ্যামলী কাউন্টারের সংশ্লিষ্টরাও জানান, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে বাস চলছে। গোপালগঞ্জ হয়ে চলাচল কবে স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: ভোরের কাগজ