ঝালকাঠির রাজাপুরে আগুনে একটি মুদি ও মনোহারি দোকান এবং এর গুদামের বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদারের দাবি, এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ নেভানোর চেষ্টা করেন। পরে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রিপন সিকদার জানান, দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। রাত ৩টার দিকে বাজারের লোকজন ফোন করে তাঁকে আগুনের খবর দেন। দোকানে নগদ টাকা ও বিকাশে জমা প্রায় এক লাখ টাকা, ৫০ বস্তা চাল, চিনি, তেল, মুদি ও মনোহারি পণ্য এবং দুটি ফ্রিজ ছিল বলে জানান তিনি।
ব্যবসায়ীর দাবি, দোকানে অটো সার্কিট বসানো থাকায় শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা নেই। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।
রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা





