রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে পাঁচটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে প্রায় ৩০০ চালককে নজরদারির আওতায় এনেছে পুলিশের বিশেষ গোয়েন্দা ইউনিট এসআরবি-২। শনিবারের এ অভিযানের তথ্য জানান ইউনিটটির উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস।
এসআরবি-২ জানায়, চালকদের পরিচয় যাচাই ও অপরাধসংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য তাঁদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে কার্যালয়ে পাঠাতে গ্যারেজ মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে (সিডিএমএস) খোঁজার পাশাপাশি চালকদের পুলিশ ক্লিয়ারেন্স প্রি-রেকর্ড (পিসিপিআর) যাচাই করা হবে।
সংস্থাটির দাবি, কিছু অপরাধী রিকশাচালকের ছদ্মবেশে অপরাধ করছে এবং দেশের বিভিন্ন স্থানে অপরাধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে রাজধানীর আবাসিক হোটেল বা রিকশার গ্যারেজে আশ্রয় নিচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়েরবাজারের গ্যারেজগুলোতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।
এসআরবি বলেছে, রিকশাচালকদের হয়রানি করা এ অভিযানের উদ্দেশ্য নয়; ছদ্মবেশে থাকা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য। যাচাইয়ে কারও অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআরবি সূত্রের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছদ্মবেশে সহিংসতা করছে কি না, তা যাচাই করতেই এ কার্যক্রম চলছে। দেশে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই নজরদারি করা হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।
সূত্র: আজকের পত্রিকা






