কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাহিম মিয়া সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, টিউশন শেষে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজে যাওয়ার পথে যানজটে গাড়িটি ধীরগতিতে চলছিল। তখন দুই ব্যক্তি মিশুকে উঠে ছুরি দেখিয়ে তাঁর টাকা ও মুঠোফোন চান।
ফাহিমের ভাষ্য, তিনি দিতে অস্বীকৃতি জানালে ওই দুজন তাঁর কাছে থাকা টিউশনের টাকা ছিনিয়ে নেন। তিনি বলেন, সেদিন টিউশন থেকে পাঁচ হাজার টাকা পেয়েছিলেন, সঙ্গে ব্যক্তিগত টাকাও ছিল। ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে তিনি পিছু নেন। সালাউদ্দিন মোড়ের ভেতরের দিকে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন; অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশের এক উপপরিদর্শক জানান, আটক ব্যক্তির নাম বাদশাহ। স্থানীয় লোকজন তাঁকে মারধর করার পর প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ফাহিম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইয়ে জড়িতদের একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সূত্র: আমার দেশ






