রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিংমলে পূরবী জুয়েলার্স থেকে সোনা, রুপা ও হীরার গহনা চুরির অভিযোগ উঠেছে। দোকানমালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি হওয়া গহনার পরিমাণ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি। নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে কয়েকজন নিরাপত্তাকর্মীকে খাবারের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল। এ কারণে দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের কেউ কেউ ঘটনায় যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

শনিবার রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শপিংমলের দুই নিরাপত্তাকর্মী পলাতক। সম্পৃক্ততার সন্দেহে আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার এক কর্মকর্তা।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীলের ভাষ্য, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। ফুটেজে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। তাঁর দাবি, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকদের দোকানে ঢুকতে সহায়তা করেন এবং পরে একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

সঞ্জীব শীল জানান, ঘটনায় জড়িত বলে সন্দেহ করা এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারীদের দেওয়া হয়েছে।

সূত্র: ভোরের কাগজ