কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ওসির সঙ্গে থানার এসআই শক্তিপদ মৃধা ও মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ এবং ছাত্রদলের আরেক নেতা ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপকেন্দ্রের ভেতরে তারেকের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদের সঙ্গে ফোনে কথা বলেন। আসাদ তাঁকে জানান, তারেক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। পরে পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করার কথা বলে ওসি ঘটনাস্থল ছাড়েন।
ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ বলেন, ওসি উপকেন্দ্রে গেলে তিনিও সেখানে যান। পরে ওসি আসাদের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় ফয়েজের গ্রামের লোকজনও তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। ফরহাদের ভাষ্য, পরে ওসি ফয়েজকে ছেড়ে দিয়ে চলে যান।
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, ফয়েজ ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তাঁর নাম বলেছেন মুন্না। পরিচয় যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।’
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে।
সূত্র: আজকের পত্রিকা






