রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, রাত সাড়ে ৮টার দিকে দেওপাড়া ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন দল দুটির নেতা-কর্মীরা। এতে প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেন।
প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল হতে পারে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হুজরাপুরে চলে যান। সেখানে কয়েক মিনিট মিছিল করার পর তাঁরা সরে পড়েন।
শহীদুল ইসলাম বলেন, মিছিল শেষে ১৫ জন দুটি অটোরিকশায় করে ফিরছিলেন। এ সময় রাজাবাড়ীহাট থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় নেওয়া হয়েছে; মামলা করার পর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
পুলিশের তালিকা অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। বাকি সাতজন হলেন ইদলপুরের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুরের মো. হামিদ (২১), ফরিদপুরের সিফাত আলী (১৮), মাধবপুরের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বলে উল্লেখ করেছে।
সূত্র: আজকের পত্রিকা





