শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। রোববার তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার যুক্তি উপস্থাপন করেন। তা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।
যুক্তিতর্কে নাজনীন নাহার বলেন, গণমাধ্যমে বিচারের আগেই জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে তুলে ধরা হচ্ছে। তাঁর দাবি, এর জেরে জিয়াউলের আট ভাই-বোনের মালিকানাধীন পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি নিজেও ওই সম্পত্তির অংশীদার এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
জিয়াউলের বিরুদ্ধে কিছু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন নাজনীন। তাঁর ভাষ্য, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও জিয়াউলের বিরুদ্ধে তা দেওয়া হয়নি।
জিয়াউলকে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হওয়ার প্রস্তাব ‘সেফ হোমে’ দেওয়া হয়েছিল বলে যুক্তিতর্কে জানান তাঁর আইনজীবী। তিনি রাজি না হওয়ায় তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন নাজনীন। মামলার আনুষ্ঠানিক অভিযোগে ১৯৭৫ থেকে ২০০৮ সালের ঘটনাগুলোর কোনো বিবরণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৪ নভেম্বর যুক্তিতর্ক শুরু করে। টানা তিন দিনের যুক্তিতর্ক ২৬ নভেম্বর শেষ হয়; রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কও সরাসরি সম্প্রচার করা হয়।
সোমবার আসামিপক্ষের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে। মামলাটিতে জিয়াউল আহসান একমাত্র আসামি; রোববার তিনি কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্তিতর্কে অংশ নেন।
সূত্র: প্রথম আলো






