রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানা এলাকার চারটি স্থানে রোববার সন্ধ্যা থেকে রাত পৌনে ৯টার মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।

রাত ৭টা ৫৫ মিনিটে দারুস সালাম থানার গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্‌-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে একটি ককটেল নিক্ষেপ করা হয়। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, মোটরসাইকেলে আসা এক ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি; ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

শেরেবাংলা নগর থানার আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে রাত পৌনে ৯টার দিকে আরেকটি বিস্ফোরণ ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পল্লবী থানার নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র: আমার দেশ