নীলফামারীর সৈয়দপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আগুনে দগ্ধ হয়ে রহিমা বেগম (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর থানাসংলগ্ন ডিআরবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রহিমা বেগম ওই এলাকার টুনু মিয়ার স্ত্রী। তিনি আইসক্রিম খেতে চাইলে তাঁর স্বামী তা কিনতে বাইরে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে তিনি নিজের শরীরে আগুন দেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শরীর পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসিন্দাদের ভাষ্য, রহিমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও তাঁদের দাবি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সূত্র: আজকের পত্রিকা