ময়মনসিংহের গৌরীপুরে সাইদুল ইসলাম নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
সাইদুল ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি ভাংনামারী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ির পেছনের জঙ্গল থেকে বাঁশের তৈরি কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সুতিরপাড় এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশ্যে লাঠিগুলো জড়ো করা হয়েছিল।
গৌরীপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইদুলের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে এবং পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: আমার দেশ





