ঢাকার সাভারে শনিবার রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়া হয়েছে। একটি বাস ছিল আশুলিয়ার বেলতলায় গ্যারেজে মেরামতের জন্য রাখা; অন্যটি বলিয়াপুরে শ্যামলী পরিবহনের বাস। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বেলতলার গ্যারেজে রাখা বাসটিতে আগুন দেখতে পান পথচারীরা। তাঁদের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর রাত সাড়ে ১২টার দিকে বলিয়াপুরে পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, বেলতলায় গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট যায়, তবে স্থানীয় লোকজন আগেই আগুন নেভান। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, বলিয়াপুরে নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়।
সূত্র: আজকের পত্রিকা






