বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে তুর্যের মৃত্যুর পর কারাবন্দী শারমিন সুলতানা শর্মীকে প্যারোলে মুক্তি দিতে সরকারের কোনো বিধিনিষেধ ছিল না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, শর্মীর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তুর্যের মৃত্যুতে শোক জানান রাশেদ। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

রাশেদ খাঁন জানান, প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক তাঁকে জানিয়েছেন, এ বিষয়ে কোনো আবেদন বা ফোনকল পাওয়া যায়নি। শর্মীর স্বামী বা পরিবারের কেউ মৃত্যুসংবাদ জানিয়েও প্যারোলে মুক্তির আবেদন করেননি বলে দাবি করেন তিনি।

রাশেদের ভাষ্য, পরিবারের পক্ষ থেকে তুর্যের মরদেহ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি জেলা প্রশাসককে জানাননি। তবে কারাবন্দী কাউকে পরিবারের সদস্যের মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার সিনিয়র জেলারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা নাকচ করার পর সরকারকে দায়ী করার সুযোগ থাকত। তাঁর মতে, জেলা প্রশাসককে প্যারোলে মুক্তির বিষয়টি জানানো হলে এমন পরিস্থিতি এড়ানো যেত।

বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী তুর্যের মরদেহ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও স্বজনেরা ফ্রিজিং ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। সেখানে শেষবারের মতো ছেলের মুখ দেখেন শারমিন। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাবন্দী।

সূত্র: জনকণ্ঠ