ঢাকার নিউ মার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
রিমান্ড শেষে আসলামকে শনিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান। আসলামের আইনজীবী মাহবুবুল আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ নভেম্বর গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন টিটন হত্যা মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। ডিবি কর্মকর্তাদের ভাষ্য, আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে।
গত ২৮ এপ্রিল রাতে ঢাকার নিউ মার্কেটের পাশে গুলিতে নিহত হন টিটন। মামলার বিবরণ অনুযায়ী, তাঁকে শাহনেওয়াজ হলের সামনে বটতলায় গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন।
২০০১ সালে পুলিশ প্রকাশিত ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকায় আসলাম ও টিটন—দুজনেরই নাম ছিল। বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল, এর মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তাঁর সাজা হয়। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর






