শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকার মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ এবং ভাষানটেক ও পল্টনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এ ঘটনায় কেউ আহত হননি।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, এ ঘটনায়ও কেউ হতাহত হননি। কারা বা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে রাত ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার তাজ হোটেলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায় বলে রমনা থানার ডিউটি অফিসার জানান। রাত ১০টা ২০ মিনিটে মোহাম্মদপুরের বসিলা রোডে যাত্রী ছাউনির সামনে দুটি ককটেল বিস্ফোরণের কথা নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম।

রাত ১টার দিকে মোহাম্মদপুর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির পুলিশ। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা এক খুদে বার্তায় এ তথ্য জানান।

সূত্র: প্রথম আলো