ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণে সুজন বেপারী (৩৫) নামে এক কর্মী আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
আহত সুজন জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আব্বাস বেপারীর ছেলে। তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এর আগে রাত সোয়া ৯টার দিকে পূর্বখাবাসপুরের মহাকালী মোড় থেকে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের নেতৃত্বে মিছিল বের হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন ও দেশজুড়ে নাশকতার প্রতিবাদে কয়েক শ নেতা-কর্মী এতে অংশ নেন।
মিছিলটি কোতোয়ালি থানার সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের পর পাশের একটি বাণিজ্যিক ভবনের ভেতর থেকে শাওন চৌধুরী (২৫) ও বাকের আলী মণ্ডলকে (২৬) আটক করে পুলিশে দেন উপস্থিত নেতা-কর্মীরা।
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভাড়াটে লোক দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ককটেল নিক্ষেপ তারই অংশ। আটক দুজনকে তিনি আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসী বলে দাবি করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তাঁদের থানা-পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: আমার দেশ







