সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের ভাষ্য, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্নার সঙ্গে তাঁর ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এর আগে এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
শনিবার দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। পরে তা আমজোড়া ও জলুসা গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহে পাঠানো হয়।
মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, জমি নিয়ে বিরোধটি দীর্ঘদিনের এবং এর আগে কয়েকবার সংঘর্ষ হয়েছে। শনিবারের ঘটনায়ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্গম এলাকার কারণে পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষ ঘটে। পুলিশের তৎপরতায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সূত্র: আমার দেশ






