নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর পৌনে চারটার দিকে স্তম্ভটির গোড়ায় আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভান।

নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্তম্ভের গোড়ায় আগুন ও ধোঁয়া দেখতে পায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে তাঁরা স্মৃতিস্তম্ভের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন।

এরপর দুপুর পৌনে ১২টার দিকে শহরের হরিশপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা সভাপতি রিয়াজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ অভিযোগ অস্বীকার করে বলেন, আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সাধারণ মানুষ এ ঘটনা ঘটাতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, স্মৃতিস্তম্ভে কারা আগুন দিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। তবে বাড়িঘর ভাঙচুরের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এর আগে শুক্রবার দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুইহাটি এলাকায় রিয়াজুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল হয়েছিল।

সূত্র: প্রথম আলো