নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা এবং চলন্ত দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটে। পরদিন শনিবার ভোরে রূপগঞ্জে দাঁড় করানো আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় ডিটিএল পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, ছয়টি মোটরসাইকেলে আসা ১২ জন দেশীয় অস্ত্র দেখিয়ে বাসের নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে ভয় দেখানোর পর আগুন দিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে বাসটি পুড়ে যায়।

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মেঘলা পরিবহনের চলন্ত বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি গাউছিয়া থেকে কলাবাগানের দিকে যাচ্ছিল; এতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, যাত্রীদের কাছ থেকে জানা গেছে, যাত্রীবেশে থাকা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর