মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে হামলাকারীরা।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর শনিবার রাত ১টা থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে।
কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঠেঙ্গামারা এলাকায় জিনু, সেকেন, হান্নান, লুৎফর, ইনু, ইমাম ও মঞ্জিল হাওলাদারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একই এলাকার বেলাল হাওলাদার, হায়দার সরদার ও শহিদুল সরদারের দোকানেও হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এ ছাড়া শিকারমঙ্গল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য জামাল রাড়ির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কালকিনি পৌরসভার চর বিভাগদী এলাকায় ইলিয়াস বালির ভাঙারির দোকানে অগ্নিসংযোগ করা হলে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের অনেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। রাতের আকস্মিক হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, “হামলার ঘটনাগুলো নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত, জানমালের নিরাপত্তা এবং হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সূত্র: একুশে টেলিভিশন






