আর্থিক প্রতিবেদন তৈরির সময় অযাচিত চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভরশীল।

শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন জরুরি। এ জন্য হিসাব পেশাজীবীদের ভয়ভীতি ও পক্ষপাতমুক্ত পরিবেশে কাজের সুযোগ দিতে হবে।

দেশের আর্থিক খাতের অনিয়মের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরের বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল করা হয়েছে। অসাধু যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। অর্থপাচার ও ব্যাংকিং জালিয়াতি ঠেকানো, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং খেলাপি ঋণ মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি। এসব উদ্যোগ সফল করতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

অর্থপাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আইসিএবি আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ বিজয়ী আখতার সানজিদা কাশেমকে অভিনন্দন স্মারক দেওয়া হয়।

সূত্র: জনকণ্ঠ