পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের মরদেহ শুক্রবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। জানাজা শেষে রাত ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নাঈমুরের বড় ভাই দুর্জয় শেখ বলেন, অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের খরচ তাঁর ভাইয়ের আয়েই চলত। বাবার ওষুধের জন্য প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা লাগত। ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নাঈমুরের বাবা মোস্তফা শেখ বলেন, তিনি ঠিকমতো দেখতে পান না এবং নানা রোগে ভুগছেন। ছেলেকে হারিয়ে তাঁর বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে বলে তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান।

চাচা আবুল বাশারের ভাষ্য, নাঈমুর এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। পরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে হোটেলে চাকরি করতেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হোটেলের ভেতরে একটি মুরগি ঢোকা নিয়ে কর্মীদের সঙ্গে পাশের মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন। এতে নাঈমুরসহ কয়েকজন আহত হন।

নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো