পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ের কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন পদে নিয়োগের আগে এ যাচাই চলছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্ত্রণালয়ের সূত্রের ভাষ্য, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মাঠপর্যায়ের সদস্যদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের তথ্য নেওয়া হচ্ছে। নিরপেক্ষ ও পেশাদার সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করাই এর উদ্দেশ্য। উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকদের (এএসআই) গ্রাম, থানা ও জেলার তথ্যের পাশাপাশি তাঁদের বর্তমান ঠিকানা, পরিবারের সদস্য ও আত্মীয়তার সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। এসব তথ্য নিচ্ছে পুলিশের বিশেষ শাখা (এসবি); ক্যাডার কর্মকর্তাদের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিবেদন তৈরি করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সদস্যদের ওপর নজর রাখা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু পুলিশ সদস্যের যোগাযোগের অভিযোগ ওঠার পর বাহিনীতে নজরদারি বাড়ানো হয়েছে বলে সূত্রের দাবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, চলতি নভেম্বরে পুলিশের অন্তত ৮৪ জন ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি এবং ১৮ জনকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আইজিপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও বদলির তালিকায় আছেন। দুই পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নেতৃত্ব দিতে না পারার অভিযোগ, আবার কারও বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও তথ্য পাচারের অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক অতিরিক্ত ডিআইজি বলেন, মাঠপর্যায়ের কিছু পরিদর্শক, এসআই ও এএসআই নিষ্ক্রিয়। তাঁদের কেউ কেউ আগের সরকারের সময় সুবিধা নিয়েছেন ও রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন; এখন অবস্থান বদলে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাঁদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
রাজশাহী রেঞ্জের একটি জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের কেউ কেউ নিজেদের রক্ষা করে চাকরি করছেন, আবার কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য বাইরে দিচ্ছেন। আগের সরকারের সময় পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত কয়েকজন এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলেও তিনি উল্লেখ করেন। এসব যাচাই করে উপযুক্ত ব্যক্তিদের পদায়নের চেষ্টা চলছে।
তবে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা বলেন, বদলি ও প্রত্যাহারের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পর্ক নেই; এগুলো নিয়মিত প্রশাসনিক কাজ। পুলিশে শৃঙ্খলা, জবাবদিহি ও পেশাদারত্ব বজায় রাখতে এ কার্যক্রম চলমান।
সাম্প্রতিক বদলির মধ্যে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ১০ দিন আগে ফেনীতে পাঠানো হয়েছিল। পরে তাঁকে ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি ও সংযুক্ত করা হয়। গত জুলাইয়ে আড়াই মাসের কম সময়ের ব্যবধানে পাবনার এসপি মো. ছুফি উল্লাহকে সিআইডিতে বদলি করা হয়; সম্প্রতি তাঁকে নওগাঁর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশের কয়েকজন সদস্য বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সোয়া দুই বছর পরও বাহিনীর মনোবল পুরোপুরি ফেরেনি। হঠাৎ বদলি, প্রত্যাহার এবং অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছে। ডিএমপির এক অতিরিক্ত উপকমিশনারের দাবি, প্রমাণ ছাড়া অভিযোগে গ্রেপ্তার ও আকস্মিক প্রশাসনিক পদক্ষেপ সদস্যদের মধ্যে ভীতি তৈরি করছে।
সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কয়েক দফা তথ্য যাচাই করে পদায়ন করা হলেও তা খুব বেশি কাজে আসেনি। তাঁর মতে, কর্মকর্তা নিজে দায়িত্ববান না হলে কোনো প্রতিবেদন ফল দেবে না; তবে রাজনৈতিক নিয়োগ যাচাই করা জরুরি।
চলতি বছরে পুলিশের ওপর ৪৮৪ হামলা
পুলিশ সদর দপ্তরের হিসাবে, চলতি বছরের প্রথম ১০ মাসে পুলিশ ৪৮৪ বার হামলার শিকার হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৪২টি করে, মার্চে ৬৩, এপ্রিলে ৬৬, মে মাসে ৫৫, জুনে ৪৯, জুলাইয়ে ৪২, আগস্টে ৪১, সেপ্টেম্বরে ৪০ এবং অক্টোবরে ৪৪টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। আসামি ধরতে, মাদকবিরোধী অভিযান চালাতে এবং আন্দোলন দমনের সময় এসব হামলার ঘটনা ঘটেছে বলে হিসাবটিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা






