রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তাফসিরুল কোরআন মাহফিলকে ঘিরে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মাঠ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন। বিপুল মানুষের সমাগমকে কাজে লাগিয়ে পকেটমারির আশঙ্কায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটক নারীদের বেশির ভাগের বাড়ি মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পকেটমারি ও প্রতারণার উদ্দেশ্যে রাজশাহীতে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে আটক নারীদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বাইরে এ ধরনের অপরাধে আর কেউ জড়িত কি না, তা শনাক্তে পুলিশের অভিযান চলছিল।

সূত্র: আমার দেশ