রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে মুমতারিন ফেরদৌস ডরিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিব উল্লাহ পিয়াস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক শাহাদাত হোসেন।

আসামিপক্ষের আইনজীবীরা ডরিনের জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে আটক করে। পরদিন বৃহস্পতিবার বিস্ফোরক আইনের মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

ডরিন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে। আনার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি খুন হন।

সূত্র: প্রথম আলো