জামালপুরের ইসলামপুরে জিয়া খাল থেকে প্রায় ১০ হাজার ঘনফুট মাটি কেটে নেওয়ার অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ১৫ নভেম্বর ইসলামপুর থানায় মামলাটি করেন গাইবান্ধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহজাহান কবীর আকন্দ। মামলা হওয়ার ১০ দিনের বেশি সময় পার হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন বাদী।
মামলায় গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক এবং ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নাম রয়েছে। অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে কয়েক রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া অংশে খালটি থেকে মাটি কেটে নেওয়া হয়। এতে খালের পাড় ও পাশের চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা জমিতে যাতায়াত ও কৃষিকাজে সমস্যায় পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বর্ষায় বৃষ্টি ও স্রোতে কাটা অংশ আরও ভেঙে পড়তে পারে এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতে পারে। খালটির প্রকৃত নাম কাটাখালি খাল। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননের পর এটি স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিতি পায়। সম্প্রতি সরকারের খাল খনন কর্মসূচির আওতায় আট কিলোমিটার দীর্ঘ খালটি আবার খনন করা হয়।
খাল খননে বরাদ্দ ছিল ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা; প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ১৬৪ টাকা। খননকাজ শেষ হওয়ার পর মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে।
বাদী শাহজাহান কবীর আকন্দ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তার জানা মতে, কোনো আসামি গ্রেপ্তার হননি। অভিযুক্তদের কয়েকজন আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ইসলামপুর থানা ঘটনাটি তদন্ত করছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর উদ্ধার করা মাটি ও অন্যান্য আইনগত বিষয় সম্পন্ন করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।
ইসলামপুরের ইউএনও শাহ মো. জুবায়ের জানান, খালের ক্ষতিগ্রস্ত অংশে সাময়িক মেরামত করা হয়েছে এবং নতুন করে ভাঙন বা দুর্ঘটনা ঠেকাতে পাড়ে বাঁধ দেওয়া হয়েছে।
সূত্র: আমার দেশ






