নৌপরিবহন অধিদপ্তরের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম এবং সাবেক উপপরিচালক (প্রশাসন ও নকশা শাখা) শামীম উদ্দিন আহম্মেদ।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম চার্জশিট দাখিলের তথ্য নিশ্চিত করেছেন। কমিশনের অনুমোদনপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদনের কথা বলা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১ ডিসেম্বর নৌপরিবহন অধিদপ্তরের এক সার্কুলারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব ধরনের কার্গো ভেসেলের নকশা অনুমোদন স্থগিত করা হয়। পরে ২০১৬ সালের ৩০ জুন নৌযানের নকশা অনুমোদনের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ ছাড়া কোনো নৌযানের নকশা গ্রহণ না করার নির্দেশনাও ছিল।

অভিযোগ, এসব নির্দেশনা বহাল থাকা অবস্থায় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৬ জুন পর্যন্ত ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন করা হয়। এ ঘটনায় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা হয়।

তদন্ত শেষে সাক্ষ্য-স্মারক ও অন্যান্য নথি পর্যালোচনা করে দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সূত্র: আমার দেশ